ভারত-পাকিস্তান সঙ্ঘাতে ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেছিলেন বলে আবারো দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত তিন মাসে প্রায় দু’ডজন বার ভারত-পাকিস্তান সঙ্ঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করেছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সংঘর্ষবিরতিরতে কৃতিত্বের ট্রাম্পের দাবি ইতোমধ্যেই নস্যাৎ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি।

সম্প্রতি সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা পর্বে মোদি স্পষ্ট করেন, ভারত-পাকিস্তান সঙ্ঘর্ষবিরতিতে তৃতীয় কোনো ব্যক্তি কিংবা কোনো দেশের ভূমিকা নেই। তারপরও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।

বৃহস্পতিবার ইডব্লিউটিএন–এর ‘দ্য ওয়ার্ল্ড ওভার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, ‘আমরা দেখেছি, ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু করে দিলো। সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। পরে যেভাবে শান্তি স্থাপন হলো সেটাও প্রেসিডেন্টেরই কাজ। সম্প্রতি থাইল্যান্ড-কম্বোডিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া, ডিআরসি (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) ও রুয়ান্ডা- যেখানে ৩০ বছরের যুদ্ধ, ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে, আমরা সেখানে তাদের চুক্তি করাতে সক্ষম হয়েছি।’

রুবিওর কথায়, এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতেও মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আরো শান্তি আনার চেষ্টা করছে। এর মধ্যে অবশ্যই সবচেয়ে বড় হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান।’

উল্লেখ্য, এপ্রিলে পাকিস্তানের উপর ২৯ শতাংশ কর ধার্য করেন ট্রাম্প। বর্তমানে তা কমিয়ে ১৯ শতংশ করে দেয়া হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেছে ওয়াশিংটন। দক্ষিণ এশিয়ার বৃহৎ তেল মজুদকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, পাকিস্তানের সাথে কাজ করতে প্রস্তুত তার দেশ।

সূত্র : হিন্দুস্তান টাইমস