গাজা গণহত্যায় আমেরিকার দায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও মানবাধিকারবিষয়ক জাতিসঙ্ঘের সাবেক হাই কমিশনার মেরি রবিনসন।
তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, গাজা গণহত্যায় তার দেশই সবচেয়ে বেশি জড়িত।’
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার উদ্যোগে প্রতিষ্ঠিত এল্ডার্স গ্রুপ অফ গ্লোবাল লিডারদের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে রবিনসন সোমবার রাফা সীমান্ত ক্রসের মিসরীয় অংশ পরিদর্শন করেন। সেখানে আল জাজিরা আরবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রবিনসন বলেন, ‘অগ্রহণযোগ্য ও অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে। আমরা যে বাস্তবতা দেখেছি তা হলো গাজায় দুর্ভিক্ষ এবং গণহত্যা চলছে।’
তিনি আরো জানান, গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশকে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার জন্য তারা প্রচেষ্টা চালাতে চান। একইসাথে তিনি আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ এবং তার সহকর্মীদের স্মরণ করেন, যারা রাফা ক্রসিংয়ে পৌঁছানোর আগেই নিহত হয়েছিলেন।
সূত্র : আল জাজিরা








