ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরাইলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছিল, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং দেড় হাজার মানুষ আহত হয়েছে।

হিজবুল্লাহ এই হামলাকে ‘গুরুতর যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে, এটি তাদের প্রতিরোধ আরও জোরদার করবে। সংগঠনটির ভাষায়, নিরীহ মানুষের ওপর এমন আঘাত তাদের লড়াইয়ের সংকল্পকে আরও শক্তিশালী করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার তুর্ক এ ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরানও এই পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে এবং লেবাননকে চুক্তির বাইরে রাখার দাবি সম্পূর্ণ অসত্য।

এদিকে হোয়াইট হাউস ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সব মিলিয়ে, যুদ্ধবিরতির ঘোষণার পরই এ ধরনের ভয়াবহ সহিংসতা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আল–জাজিরা