ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাবে ইসরাইল। দেশটির সেজন্য পূরোদমে প্রস্তুতি নিচ্ছে। একাধিক সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে।

একাধিক সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর বিশ্বাস, আলোচনা ভেস্তে গেলে হামলা চালানোর জন্য তাদের হাতে খুব বেশি সময় থাকবে না। তাই এখন থেকেই দ্রুত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তবে কেন ইসরাইলি বাহিনী মনে করছে যে পরবর্তীতে হামলা কম কার্যকর হবে, সেই বিষয়ে অ্যাক্সিওসের সূত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র আরো জানিয়েছে, বেশ কিছুদিন আগে ইসরাইলি গোয়েন্দারা যখন মার্কিন-ইরানি আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে, তখনই সম্ভাব্য হামলা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়। এই হামলাকে একটি এককালীন অভিযানের পরিবর্তে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গণমাধ্যমটি আরো জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনা ভেস্তে যাওয়ার অপেক্ষায় আছেন। এক ইসরাইলি সূত্র জানিয়েছে, ‘নেতানিয়াহু আশা করছেন আলোচনা ব্যর্থ হবে, যাতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে এগিয়ে যেতে রাজি করাতে পারেন।’

অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের আশঙ্কা হচ্ছে নেতানিয়াহু হয়তো ওয়াশিংটনের সাথে পূর্ণ সমন্বয় ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন।

সিএনএন পূর্বে মার্কিন প্রশাসনের সূত্রে জানিয়েছিল, চলমান আলোচনা সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরাইল চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নিয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা তথ্যও ইসরাইলের প্রস্তুতিকে পুরোপুরি সমর্থন করছে না।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান ওমানকে মধ্যস্থতাকারী করে পারমাণবিক ইস্যু নিয়ে চার দফা আলোচনা সম্পন্ন করেছে। প্রথম বৈঠকটি হয় ১২ এপ্রিল মাস্কাটে, দ্বিতীয় দফা ১৯ এপ্রিল রোমে এবং তৃতীয় ও চতুর্থ দফা যথাক্রমে ২৬ এপ্রিল ও ১১ মে মাস্কাটে অনুষ্ঠিত হয়।

ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন বিশেষ রাষ্ট্রপতি দূত স্টিভ উইটকফ।

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যান জানিয়েছেন, পঞ্চম দফার আলোচনা ২৪-২৫ মে রোমে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : তাস