ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার বলেছেন, পরবর্তী দফায় আলোচনা বিলম্ব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনায় একটি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ ইরান।
শুক্রবার (২ এপ্রিল) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ‘লজিস্টিক’ কারণে আগামী ৩ মে রোমে নির্ধারিত চতুর্থ দফার পরোক্ষ আলোচনা স্থগিত করতে যুক্তরাষ্ট্র ও ওমানের প্রতিপক্ষদের সাথে সম্মত হয়েছে ইরান।
তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আমাদের সংকল্পের পরিবর্তন হয়নি। আমরা একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি অর্জনের জন্য আগের চেয়ে আরো বেশি প্রতিশ্রুতিবদ্ধ।’
উভয় দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সর্বশেষ বৈঠকটি বিলম্বিত হলো।
এর আগে, বুধবার ইরানি তেল বিক্রিতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের চারটি ও তুরস্কের একটি রয়েছে।
ইয়েমেনের হাউছিদের প্রতি ইরানের সমর্থনকে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে একটি সতর্কবার্তা জারি করেন এবং পাল্টা পদক্ষেপ নেয়ার অঙ্গিকার করেন।
আলোচনা চলমান থাকাকালীন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী কর্মকাণ্ড ও উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মধ্যে চিঠি আদান-প্রদানের পর এপ্রিল মাসে তেহরান ও ওয়াশিংটন পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করে এবং ওমান ও রোমে দফায় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।








