ইহুদিবাদী ইসরাইলের উগ্রপন্থী নেতা ইতামার বেন-গভিরের পরিকল্পনা অনুযায়ী, আগামী সাত বছরের মধ্যে গাজা উপত্যকা থেকে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে বহিষ্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে পরিকল্পনাটি বাস্তবায়নে বড় ধরনের বাধা রয়েছে এবং ধারণা করা হচ্ছে, ইসরাইল এই পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবে না।
মেহের নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে বেন-গভিরের এই পরিকল্পনার কথা তুলে ধরেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে দুই লাখ ৫০ হাজার, তিন বছরে প্রায় ১১ লাখ ১০ হাজার এবং শেষ পর্যন্ত সাত বছরে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে বহিষ্কারের লক্ষ্য নেয়া হয়েছে। অথচ গাজার মোট জনসংখ্যা ২২ লাখেরও বেশি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলকে প্রাথমিকভাবে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। প্রস্তাবিত অর্থায়ন কাঠামোর পরিমাণ দাঁড়ায় ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ফিলিস্তিনিদের গ্রহণে আগ্রহী দেশগুলোর সাথে চুক্তির ওপর নির্ভরশীল।
বেন-গভিরের পরিকল্পনার প্রধান বাধা
বেন-গভিরের দল এই পরিকল্পনাকে তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তুলে ধরছে।
তবে ইয়েদিওথ আহরোনোথের মতে, পরিকল্পনাটির সামনে সবচেয়ে বড় বাধা হলো- এখন পর্যন্ত কোনো দেশই গাজা থেকে এত বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গ্রহণ করতে রাজি হয়নি।
এক ইসরাইলি সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য এমন ফিলিস্তিনিদের প্রয়োজন হবে যারা গাজা ছেড়ে যেতে ইচ্ছুক এবং এমন কোনো দেশে যেতে প্রস্তুত, যে দেশ তাদের গ্রহণ করবে।
গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণের বিষয়ে তেল আবিবের সাথে কয়েকটি দেশের আগের আলোচনা ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সূত্র : পার্সটুডে
















