মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্কারোপের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটি যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে। একইসাথে আগামী সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওয়াশিংটন পাঠানোর পরিকল্পনাও বাতিল করেছে।

শুক্রবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট তিন ভারতীয় কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি নতুন মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্কারোপের ফলে ভারতের অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ। এর মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সূত্রটি আরো দু’জন ভারতীয় কর্মকর্তার সূত্রে জানিয়েছে, আগামী সপ্তাহে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কিছু ক্রয়ের জন্য ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু সেই সফরও বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

গত ৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে দিল্লির তেল কেনার শাস্তি হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপ করেন। এর ফলে ভারতীয় রফতানির উপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়। এটি মার্কিন যেকোনো বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ।

সূত্র : রয়টার্স