অভিনব সুগন্ধি মাউস তৈরি করেছে আসুস। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, আসুসের কোপাইলট প্লাস পিসির সাথে ব্যবহার করা যাবে ‘ফ্রেগ্রেন্স মাউস’। এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে মাউসটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) প্রদর্শনীতে আসুসের ‘অ্যাডল ১৪ এয়ার ফ্রেগ্রেন্স এডিশন’ মডেলের ল্যাপটপ বিশেষ নজর কেড়েছিল প্রযুক্তিপ্রেমীদের।
মাউসটিতে দু’টি বাটন ও একটি স্ক্রল হুইল রয়েছে। তবে মাউসটির নিচের অংশে যুক্ত করা হয়েছে আকারে ছোট একটি চেম্বার। এই চেম্বারে রিফিলযোগ্য শিশিতে প্রয়োজনীয় সুগন্ধি তেল ভরে রাখা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো সুগন্ধি তেল মাউসটিতে ভরে রাখতে পারবেন। ব্যাটারিতে চলা মাউসটি ব্লু-টুথ বা ২ দশমিক ৪ গিগাহার্টজ ওয়্যারলেস ইউএসবি ডঙ্গল দিয়ে সহজেই ল্যাপটপের সাথে যুক্ত করা সম্ভব। ‘ইরিডেসেন্ট হোয়াইট’ও ‘রোজ ক্লে’ রঙে বাজারে পাওয়া যাবে মাউসটি। তবে মাউসটির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আসুস।











