বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় একটি পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
সোমবার বেলা সাড় ৩টার দিকে কক্সবাজারের চকরিয়ার খুটাখালী থেকে জিপটি তিন্দু যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মো: জিয়াবুল (৩৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন প্রকাশ পালিশ (৩৭) নামের দুজন নিহত হয়।
হতাহতদের স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। সেখান থেকে গুরুতর আহত ৫ জনকে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন— শীষ মো: রাসেল (৩৮), পিতা: মতিউর রহমান; লিটন সিকদার (৩৭), পিতা: বশির ড্রাইভার; লিটন ড্রাইভার (৪০), পিতা: মো: কামাল উদ্দিন; কাদের হোসেন খলিফা কাদির (৪১), পিতা: অজ্ঞাত এবং শাহজালাল হোসেন (৩৫), পিতা: অজ্ঞাত। এরা সবাই কক্সবাজারের চকরিয়া,র বাসিন্দা।
নিহত জিয়াবুল খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের মরহুম শামসু মিয়ার ছেলে ও মোহাম্মদ জসিম একই এলাকার মোজাহের হোসেনের ছেলে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহেদ পারভেজ জানিয়েছেন, পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পাঁচশো ফুট গভীর খাদে পড়ে যায়। হতাহতদের উদ্ধার করা হয়েছে।






