সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিতঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে লালাবাজার এলাকার সাত মাইলের আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহেল আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে যাওয়া অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেলও। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও সব যাত্রী এবং প্রাইভেটকারের চালক ও যাত্রীরা আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত রুহেল আহমদের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।