ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জে আজ মঙ্গলবার ভোর রাতে ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলির খোসা এবং দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত মাদক ব্যবসায়ী বাচ্চুর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। তার বাড়ি শহরতলী শম্ভুগঞ্জ এলাকায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী জানান, ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের চৈতলামারী নামকস্থানে গত রাত সাড়ে ৩টার দিকে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি) আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট-পাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইশ’ পিস ইয়াবা ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এঘটনায় আহত জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল সেলিম ও রাসেদ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






