ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে আজ বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ৪০ যাত্রী আহত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সাইনবোর্ড বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে উল্টে যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি। এ সময় নারী ও শিশুসহ আহত হয় অন্তত ৪০ যাত্রী। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ সদরের ফরিদা আক্তার (৪০), তার মেয়ে রোকেয়া (১০), নান্দাইলের রেখা আক্তার (৪০), জয় (৮), সালমা আক্তার (৩০), ফুলপুরের মুঞ্জুরুল হক (৪৫) তার ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী মুবিন (১২), সুমাইয়া (১০), জুলেখা (৪০), হালিমা খাতুন (৪৫), রেখা (৩৫), ত্রিশালের ভ্যানচালক ইউসুফ আলী (৩০), হুমায়ুন কবির (২৫), ভালুকার হাবিব (৩০) ও ঈশ্বরগঞ্জের মাসুদ রানাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ত্রিশাল সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনিম সারোয়ার জানান, নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স না থাকায় ময়মনসিংহ, ভালুকা ফায়ার সার্ভিস ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।