ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৯)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দু’জনের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’