বগুড়ার শেরপুরের আঞ্চলিক রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সফুরা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের সফুরা খাতুন সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের আছু প্রামাণিকের স্ত্রী।
জানা যায়, শুক্রবার বিকেলে সুঘাট ইউনিয়নের একটি আঞ্চলিক সড়ক জোরগাছা নামক স্থানে বাজারে যেতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে সফুরা খাতুন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান সফুরা খাতুন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বর্মণ জানান, দুর্ঘটনার পরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।








