পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুইটি মালবাহী ট্রাক ও একটি ট্রলির (ভ্যান গাড়ি) সংঘর্ষে ট্রলিতে থাকা মোহাম্মদ আরমান (১৮) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাগিচা হাট পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান পিরোজপুর জেলার বাগেরহাটের মোখলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে। ওই ঘটনায় আহতরা হলেন মো: হাসান (১৮), মো: আশিক (১৯), লিটন (১৮), মোহাম্মদ সিরাজ (২৭), মোঃ হাসান (১৯)।
আহতদের মধ্যে মো: হাসানকে (১৮) মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল ইটভাটা শ্রমিক ভাটায় কাজ শেষে উপজেলার দোহাজারীতে তাদের বাসায় যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী দুটি ট্রাকও একই দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তিন চাকার ট্রলিটি উল্টে গেলে ছয়জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজনকে চন্দনাইশ হাসপাতালে ও তিনজনকে দোহাজারী হাসপাতালে নেয়া হয়। তন্মধ্যে চন্দনাইশ হাসপাতালে নেয়া তিনজনের মধ্যে একজনকে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ চৌধুরী দুর্ঘটনা হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলি ও মালবাহী দুটি ট্রাক দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।






