টাঙ্গাইলের দেলদুয়ারে মদ পান করে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগতরাতে দেলদুয়ার উপজেলার পাঁচএলাসিন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পাঁচএলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে আরেক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদ পান করেন।
এরপর তিনজনই অচেতন হয়ে পড়েন। এক ক্রেতা দোকানে আসলে তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আরেক বন্ধু আক্কাস ও মারা যান।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিনজন মিলে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কোথা থেকে মদ কিনে ছিলেন, সে বিষয়ে খোঁজ—খবর নেয়া হচ্ছে। তাদের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।








