কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালী ইউনিয়নে নৌকার প্রার্থীর বিজয় মিছিলে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন মিন্টু (৪৫)।

রোববার দিবাগত রাত ১২টার দিকে হামলায় আহত গিয়াসকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গিয়াস ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর নতুনঘোনা পাড়ার মৃত আবু মিয়ার ছেলে ও নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী নৌকার প্রার্থী নুরে হোছাইন আরিফের সমর্থক।

বিজয়ী চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেছেন, তার বিজয়ের হওয়ার খবর পেয়ে সমর্থকরা বিজয় মিছিল বের করে। এসময় পরাজিত প্রার্থীর লোকজন ওই মিছিলে হামলা চালায়। হামলায় তার সমর্থক গিয়াস উদ্দিন মিন্টু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা যান।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।