চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৭ মামলার আসামি সাবেক আ’লীগ নেতা কাজী মশিউর রহমানকে (৬০) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-৭।
সোমবার ভোররাতে বায়েজিদ ফৌজদারহাট সড়কের একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে সরকারি পাহাড় দখল, সেখানে অবৈধ প্লট তৈরী করে বিক্রি, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ চট্টগ্রাম শহর ও সীতাকুণ্ড থানায় ২৭টি মামলা রয়েছে।
জানা গেছে, মশিউর রহমান খুলনার ফুলতলা উপজেলার পাটগ্রামের মৃত কাজী হাসানের ছেলে। তিনি বর্তমানে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকার জাফরাবাদে বসবাস করছেন এবং সেখানে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে নগরীতে সকল ধরনের অপরাধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সলিমপুর ইউপির ১নং ওয়ার্ড জঙ্গল সলিমপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ লিংক রোডের ৪ নং ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের ডিএডি জহিরুল ইসলাম জানান, সন্ত্রাসী মশিউরের বিরুদ্ধে সীতাকুণ্ডসহ নগরীর বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। তাকে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে নতুন আর একটি মামলায় সোপর্দ করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কাজী মশিউর নামে একজন সন্ত্রাসীকে র্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।















