নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কিশোর গ্যাং বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত ওরফে শাকিলকে (২২) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন ১৬নং কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডন মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। ওই মোবাইল ফোনে অনুসন্ধান করে দেখা যায়, তিনি ওই মোবাইলে বিভিন্ন মেয়েদের অশ্লীল স্থীর চিত্র ও ভিডিও চিত্র ধারণ করে রেখেছেন।

তিনি আরো বলেন, বিভিন্ন মেয়েদের প্রলোভনে ফেলে মোবাইল ফোনের মাধ্যমে সু-কৌশলে তাদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশে নিজ মোবাইল ফোনে তিনি এগুলো সংরক্ষণ রাখেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দেয়া হয়েছে।