নিজস্ব প্রতিবেদক
সমাজমাধ্যমে দেশী-বিদেশী চক্রান্ত ও গুজবকে প্রধান ঝুঁঁকি বিবেচনা করে আসন্ন শারদীয় দুর্গাপূজায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ পূজার নিরাপত্তা বিধান পুলিশের কাছে এক ‘অগ্নিপরীক্ষা’।
গতকাল ডিএমপি সদরদফতরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপি কমিশনার জানান, মহালয়া থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং মণ্ডপের ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা পরে দায়িত্ব পালন করবেন। পোশাকি ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তিনি মণ্ডপ কর্তৃপক্ষকে নিজেদের স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখা এবং স্ব-স্ব মণ্ডপের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
ডিএমপির ঊর্ধŸতন কর্মকর্তারা উল্লেখ করেন, পূজার সময় সমাজমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হতে পারে। তাই সাইবার নিরাপত্তা জোরদার করে পুরো ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের নেতারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।





