দু’বেলা খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাততে চান না বিএ পাস করা শারীরিক প্রতিবন্ধী সাহিদা আক্তার। বরং তার পড়াশোনা অনুযায়ী একটি চাকরি করে সম্মানজনক জীবনের সন্ধান করছেন তিনি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের কাছে পেয়ে নিজের মনের কথা জানান সাহিদা আক্তার।
তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী চর আমখাওয়া ইউনিয়নের মরহুম সফর আলীর মেয়ে।
তিনি বলেন, অফিসিয়াল লেখালেখির কাজ কিংবা কম্পিউটার চালানোর কোনো কাজ পাওয়া পেলে তিনি তা করতে পারবেন। আর এরকম হলে তার জন্য খুব ভালো হয়। এ ব্যাপারে তিনি সরকার এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্তাব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
অনেক অর্থকষ্ট সহ্য করে সাহিদা আক্তার পড়াশোনা করেছেন। ২০১০ সালে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১২ সালে সানন্দবাড়ী কলেজ থেকে এইচএসসি এবং ২০১৭ সালে সানন্দবাড়ী ডিগ্রী কলেজ থেকে বিএ পাস করেন তিনি। সাথে কম্পিউটার প্রশিক্ষণও গ্রহণ করেছেন।
শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হুইল চেয়ারে চলাফেরা করতে হয় তার। প্রতিবন্ধী হিসেবে সরকার থেকে তিনি মাসে ৭৫০ টাকা ভাতা পান, যা দিয়ে তার এবং পরিবারের কিছুই হয় না। এজন্য একটি চাকরি দিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।








