নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো: ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে তামিম এবং চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো: ওয়াসিমের ছেলে ইয়াসিন।

জানা যায়, তামিম ফুফুর বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হয় সে। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

অন্যদিকে ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।