বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বাদ জুম’আ নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রাঙ্গনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। মাহফিলে সংগঠনের সকল স্তরের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন।
মাহফিলে জামায়াত আমিরের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, বায়তুল মাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মু: আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সদর উপজেলা আমির নাজির আহমদ প্রমূখ।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘সিলেটের কৃতি সন্তান জামায়াত আমির ডা: শফিকুর রহমান দেশ ও জাতির যেকোনো দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরিভিত্তিতে বাইপাস সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২ জুলাই) আমিরে জামায়াতের বাইপাস সার্জারি হবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব আজ বড় প্রয়োজন। আমিরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের সিলেটবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমিরে জামায়াতকে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন। আমিন।’
মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, ‘আমিরে জামায়াতের সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজ খবর নিচ্ছেন। আমিরে জামায়াতের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, জামায়াত আমির ডা: শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাজধানীর একটি হাসপাতালে তার বাইপাস সার্জারি হবে। তার সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।








