চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদর থেকে মাত্র ৪০০ গজ দূরে অবস্থান হওয়া সত্ত্বেও নাগরিক সেবা পেতে ডুমুরিয়া ও রূদুরা গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষকে যেতে হয় চার কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।

এই অব্যবস্থাপনার প্রতিবাদ ও আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে রোববার (১৫ জুন) সকালে আনোয়ারা থানা মোড় থেকে শুরু হয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন দুই গ্রামের হাজারো মানুষ।

পরে এলাকাবাসীর পক্ষ থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘এলাকাবাসীর দাবি যৌক্তিক। সবাই মিলে এক হয়ে এগিয়ে আসায় এটা অভূতপূর্ব ও ইতিবাচক উদ্যোগ। স্মারকলিপি দ্রুত জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।’

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, আক্তারুজ্জামান, আবুল বশর, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, মোজাম্মেল হক, শাফায়েত জামিল, আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন বাবলু প্রমুখ।