সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত তিন শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুই ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত পাঁচ মাস বয়সী উদ্ভব বিশ্বাস সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও ১১ মাস বয়সী হুমায়রা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা এবং ওসমানী হাসপাতালে মৃত ৯ মাস বয়সী শিশু আদিল সিলেটের টুকেরবাজারের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৬ জন সন্দেহজনক হাম রোগী। ফলে একদিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্যসেবায়ও চাপ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৩৬ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১০ জন, রাজীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু‘জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, এখন পর্যন্ত সিলেটে ৫৯ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যায় সিলেট ও সুনামগঞ্জ যৌথভাবে শীর্ষে রয়েছে। মৃত ১৫১ জনের মধ্যে ১৪১ জনই সন্দেহজনক হাম বা উপসর্গ নিয়ে এবং ১০ জন নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার একজনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ইতোমধ্যে হাজারের মাইলফলক অতিক্রম করেছে। তবে সন্দেহজনক রোগীর সংখ্যা ও মৃত্যুর হিসাব আরো বড় উদ্বেগ তৈরি করছে।
স্বাস্থ্য বিভাগের ধারাবাহিক পরিসংখ্যান বলছে, সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে আসার পাশাপাশি তিন শিশুর মৃত্যুর ঘটনায় হাম মোকাবেলায় আরো কার্যকর প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সামনে এসেছে।








