কক্সবাজারের উখিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ জুনাইদ (২৭) নামে মোটরসাইকেলআরোহী এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) রাত ৮টার দিকে কোটবাজার চৌধুরীপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জুনাইদ (২৭) হলদিয়া পালং ইউনিয়নের ছায়া খোলা পাগলির বিল এলাকার হাবিব উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌধুরীপাড়া রাস্তার মাথায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা জুনাইদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এ জায়গায় এক মাস আগে দুর্ঘটনায় আরো দু’জন আহত হন। বারবার দুর্ঘটনার শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, চৌধুরীপাড়া রাস্তার মাথাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যস্ত একটি এলাকা। সেখানে কোনো গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা (স্পিড ব্রেকার) বা ট্র্যাফিক ব্যবস্থা নেই। অদক্ষ চালক ও বেপরোয়া গতির যানবাহনগুলোর জন্য প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

দুর্ঘটনা রোধে যথাযথ সড়ক পরিকল্পনা, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিয়মিত ট্র্যাফিক মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

এদিকে নিহত জুনাইদ তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পর তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। তার এ আকস্মিক মৃত্যুতে নিস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার।