গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় কারখানা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে যৌথবাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করে যৌথবাহিনী।


শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বেরাইদেরচালা এলাকায় ডিজাইনটেক্স নিটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন ১০ জন শ্রমিককে কারখানার মূল গেটে আটকিয়ে ছাঁটাই করেন কারখানা কর্তৃপক্ষ। ঈদের ছুটির পর শনিবার সকালে কারখানা চালু হলে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা কারখানা মালিককে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য নানা স্লোগান দেন। পরে উত্তেজিত শ্রমিকদের শিল্প পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা বুঝানোর পরেও কারখানার গেট না খুললে একপর্যায়ে পৌনে ১টার দিকে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে যৌথবাহিনী। এ সময় শ্রমিকদের কারখানার বাইরে বের করে দেয়া হয়।

আরো জানা যায়, শ্রমিকরা কারখানার বাইরে বের হয়ে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারলে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় যৌথবাহিনী। পরে ঘটনাস্থল থেকে ৪৫ জন আন্দোলনকারীকে আটক করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।’