মৌসুমী সাতটি ফল নিয়ে ফল উৎসব করেছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাব। এর মধ‍্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, লটকন, ওর বড়ই, জাম ও আনারস। এ সময় মৌসুমী ফলের ঘ্রাণে ক্লাব আঙ্গিনায় এক মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়। এতে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত ক্লাব সদস্য ও অতিথিরা।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে ক্লাবের ৩য় এবং ৪র্থ তলার হল রুমে প্রথমবারের মতো এই ফল উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ও ক্লাব সভাপতি মো: মুফিদুল আলম।

এ সময় তিনি বলেন, ‘দেশের পুরোনো জেলার মধ‍্যে ময়মনসিংহ অন‍্যতম। যা এখানকার ইতিহাস ও ঐতিহ্য বহন করে। কিন্তু এই নগরীর রাস্তা গুলো খুব ছোট। পাশাপাশি দুইটি গাড়ি রাস্তায় চলতে পারে না। হু হু করে গড়ে ওঠা ভবনগুলোও অপরিকল্পিত। নেই ময়লার ভাগাড়। ডাম্পিং স্টেশনের জন‍্য জায়গা খোঁজে পাওয়া যাচ্ছে না। এসব নিয়ে সবাইকে ভাবতে হবে। এগিয়ে আসতে হবে রাজনীতিবিদদের। আমাদের মধ‍্যে বিভক্তি ও মত থাকবে। তবে দেশের প্রশ্নে উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।’

ফল উৎসবে ক্লাবের সহ-সভাপতি মো: নয়াব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি অধ‍্যাপক আবুল কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান, সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা জামায়াতের আমির আবুল করিম, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান প্রমূখ।

আয়োজিত উৎসবে ক্লাব সদস্যসহ পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অন‍্য অতিথিরা অংশ নেন।