চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে অস্ত্র ও গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে একজন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো: আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে আব্দুল মজিদের বসতঘরের পাশের পাকা ঘাটলার পাশে মাটিচাপা অবস্থায় একটি তুর্কমিনিস্তান-উৎপাদিত বিদেশী এলজি, একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে অস্ত্র তৈরির ১১টি ছোট-বড় যন্ত্রাংশ, একটি স্টিলের অস্ত্র রাখার বক্স, একটি স্মার্টফোন এবং অস্ত্র ব্যবসার নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা জব্দ করে পুলিশ।
অভিযানে গ্রেফতার হওয়া মরহুম মুসলিম আহমদ চৌধুরীর ছেলে মো: আব্দুল মজিদ (৪২) দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র বানিয়ে বিক্রির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি একটি সুপরিকল্পিত অভিযান ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি স্থানীয়ভাবে অস্ত্র ব্যবসার একটি বড় চক্রের ইঙ্গিত দেয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’








