মুন্সীগঞ্জের শ্রীনগরের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী একটি হানিফ পরিবহনের বাস গতি কমিয়ে দিলে পেছন থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন বরিশাল সদরের গোলাম সারোয়ারের ছেলে রউনত (১৯), ফরিদপুরের ভাঙার আব্দুল খবির বেপারীর ছেলে মোহাম্মদ লুৎফর (৬০), বরিশালের বাকেরগঞ্জের আইয়ুব আলী খানের ছেলে রায়হান (২৫)।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাইফুল ইসলাম বলেন, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেয়া হবে।






