বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত যার বড় কারণ অনিরাপদ খাদ্য। এর ফলে আমরা অর্থনৈতিক ও শারীরিক উভয়ভাবে ক্ষতির সম্মুখীন হই। নিজেকে এবং পরিবারের সবাইকে এ ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে নিরাপদ খাদ্য গ্রহণের বিকল্প নেই। গৃহকর্মী পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করছেন কিনা, শিশুরা বাসি খাবার খাচ্ছে কিনা কিংবা কেউ অপরিষ্কার হাতে খাবার গ্রহণ করছে কিনা এসব বিষয়ে সচেতন থাকতে হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বরিশাল জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গোলাম রাব্বি অংশগ্রহণকারী ইমামদের উদ্দেশে খাদ্য দূষণ, ভেজাল প্রতিরোধ, হালাল খাদ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মো: নূরুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় মেট্রোপলিটন এলাকার বিভিন্ন মসজিদের ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো বলেন, খাবার বিভিন্ন কারণে অনিরাপদ হতে পারে। যথাযথভাবে খাবার সংরক্ষণ না করা, হোটেলে খাবার তৈরির সময় কর্মচারী কর্তৃক অসাবধানতা, পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি করা এসবের মধ্যে অন্যতম। কিছু কিছু হোটেলের মালিক অধিক লাভের আশায় এ ধরনের অনৈতিক কাজ করে থাকেন, যা ইসলামী দৃষ্টিকোণ থেকেও একটি অপরাধ।’

এসময় তিনি ইমামদের মসজিদে খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সমাজে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কর্মশালার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন।