সিলেটে সড়কে প্রাণহানি থামছেই না। গত এক মাসে (আগস্ট) সিলেট বিভাগে ২৬ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৬ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮২ জন। এ নিয়ে গত ৮ মাসে সিলেটের সড়কে ঝরেছে ২৩৯ প্রাণ আর আহত হয়েছেন ৬০৪ জন।

রোববার (৭ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে নিসচার ৮ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, চলতি বছরের ৮ মাসে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ২৩৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩৯ জনের। এ সময়ে আহত হয়েছেন ৬০৪ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে সিলেট বিভাগজুড়ে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন মোটরসাইকেলের চালক ও আরোহী। এছাড়া আটজন সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার চালক ও যাত্রী, ১২ জন চালক এবং চারজন পথচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার মধ্যে ছয়টি ছিল নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়া গাড়ি, যেখানে নিহত হয়েছেন চারজন। মুখোমুখি সংঘর্ষে আটটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। আর বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে সংঘর্ষে তিনটি দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের।

এর আগে গত জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন।

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮ জন। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। মে মাসে বিভাগে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। জুন মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হন।

রোববার (৭ সেপ্টেম্বর) নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকা, জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই নিসচা বিভাগীয় কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে।