নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদ ইউনিয়নের রাজারামপুর গ্রামে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সেনবাগ থানা পুলিশ জানায়, উপজেলার মোহাম্মদ ইউনিয়নের রাজারামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)। দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। তারা এক সাথে খেলতে বের হয়। বেশ কিছুক্ষণ তাদেরকে খোঁজাখোঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, দুই বোন এক সাথে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুর ঘাটে থাকা শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। এ সময় বড় বোনকে বাঁচাতে গিয়ে ছোট বোন ছহির ও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে, সেনবাগ উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানায়, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







