ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লালপোলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা ঘটনাস্থলে নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেনী শহর মহাসড়কের ঢাকামুখী লেনের পাটি অ্যান্ড কাবাব হাউজ এর সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
নিহত আব্দুর রউফ (৩২) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশ-এর সোনাগাজী উপজেলার কারামতিয়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আহত আকতারুজ্জামান (৩৪) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা এলাকার মুসলিম ব্লকের শাহীদুল ইসলামের ছেলে। তিনি ওই শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
ব্যুরো বাংলাদেশ-এর হাজীরবাজার শাখার হিসাব রক্ষক মো: সবুজ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেনী শহর থেকে মোটরসাইকেল যোগে লালপোলের দিকে যাচ্ছিলেন আব্দুর রউফ ও আখতারুজ্জামান। মহাসড়কের ঢাকামুখী লেনের পাটি অ্যান্ড কাবাব হাউজ এর সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: রুহুল মোহসেন সুজন জানান, হাসপাতালে আসার পথেই আব্দুর রউফের মৃত্যু হয়। আহত আখতারুজ্জামানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) কবির হোসেন সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু ও অপরজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘দুর্ঘটনা কবলিত দু’টি যান পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।’






