মুন্সিগঞ্জের ছনবাড়ি ও লৌহজংয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) বিকেল ৩টার দিকে ঘটনাগুলি ঘটে।
নিহত মাসুদ রানা (৪৫) হলি কেয়ার স্কুলের শিক্ষক। তার স্ত্রী ও দুই ছেলেও আহত হয়েছেন।
জানা যায়, শ্রীনগর-মুক্তারপুর-মুন্সীগঞ্জ রোডের আটপাড়ার কল্লিগাওঁয়ে ছনবাড়ীগামী সিএনজির সাথে মুন্সীগঞ্জগামী কাঠবোঝাই নছিমনের সাথে শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে স্কুল শিক্ষক মাসুদ রানা মারা যায়।
আহতরা হলেন- সিএনজি ড্রাইভার সাব্বির (২১), মাসুদ রানার স্ত্রী সেতু (৩৪), দুই ছেলে নবীন (৯) ও আহিয়ান (৪)। এরা ঈদ করার জন্য বাড়ির উদ্দেশে দক্ষিণ বঙ্গ (মাদারীপুর) যাচ্ছিল।
অপরদিকে লৌহজং উপজেলার উত্তর মেদেনীমন্ডলের মিনার মসজিদ এবং পদ্মা সেতু উত্তর থানার পাশে খান বাড়ি চৌরাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। মাওয়া রেলওয়ে স্টেশন ও খান বাড়ি চৌরাস্তার ওজন স্টেশনের মাঝামাঝি স্থানে। গরু বিক্রি করে বিক্রেতাদের নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় মাওয়ামুখী একটি ট্রাক পিছন থেকে অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা মারে। এতে আহত হন রাজবাড়ির সোনাপুর বাজারের মো: খাইরুল শেখ (২৩), ফরিদপুরের চন্দ্রপাড়ার সবুজ শেখ (১৭)। ট্রাক দুটি মাওয়ামুখী ছিল। গরু বিক্রি করে ফেরত যাচ্ছিল। উভয় ট্রাকই গরু বিক্রির লোক বাড়িতে যাচ্ছিল। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আরো বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।






