সিলেটে সড়কে প্রাণহানি থামছেই না। গত এক মাসে (জুলাই মাসে) সিলেট বিভাগে ২৬ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৬ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৬১ জন। এ নিয়ে গত সাত মাসে সিলেটের সড়কে ঝরেছে ২১৩ প্রাণ আর আহত হয়েছেন ৫২৩ জন।
সোমবার (৪ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এদিকে নিসচা’র ৭ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, চলতি বছরের ৭ মাসে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ২১২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২১৩ জনের। এই সময়ে আহত হয়েছেন ৫২৩ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।
এর আগে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮ জন। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। মে মাসে বিভাগে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু এর সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক স্থানীয় দৈনিক, অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।






