কক্সবাজারের মহেশখালী ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার মধ্যরাত ভোর রাতে মহেশখালী কোস্ট গার্ড স্টেশনের টিম মহেশখালী উপজেলার কুতুবজোমের বুজুরুক পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় তল্লাশি করে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্রের পরবর্তী আইনিব্যবস্থা নেয়ার জন্য মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন জানান, টেকনাফ থানার একদল পুলিশ গতকাল শনিবার মধ্যরাতে বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করেছে। আটক এসব সন্ত্রাসীরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য বলে জানায় পুলিশ।








