পানিতে মাছ, চিংড়ি, শামুক চাষ ও মৎস্যসম্পদ বিষয়ক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের আয়োজনে প্রথম ন্যাশনাল কনফারেন্স ‘অ্যাডভান্সেস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, ‘বাংলাদেশ মৎস্য চাষে তৃতীয় বৃহত্তম দেশ। মৎস্য রফতানি করে আমাদের দেশ প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে মাছের গুরুত্ব অপরিসীম। জনগণের বিপুল পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণে মৎস্য চাষে গবেষণার উন্নয়নের বিকল্প নেই।’

সেমিনারে প্রধান বক্তা ছিলেন মালেশিয়ার পুটরা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুল মান্নান ম্যাট জায়িস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্চ টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: গোলাম সারওয়ার, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োলজিক্যাল আর্থ অ্যান্ড ইনভায়োরনমেন্টাল সাইন্সের অধ্যাপক ড. দেবাশীষ মজুমদার, আমেরিকার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট ড. মো: হাবিবুর রহমান মোল্লা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মৎস্য চাষ ও মৎস্যসম্পদ বিষয়ক কার্যক্রমের গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।

সেমিনারের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। এফএমবি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকেলে ‘মডার্ন হ্যাচারি অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয় যবিপ্রবির এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো: আনিছুর রহমান।

বিকেল সাড়ে ৪টার দিকে কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কনফারেন্সের আহ্বায়ক ও এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আমিনুর রহমান, এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো: আনিছুর রহমান।

অনুষ্ঠানে এফএমবি বিভাগের অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মঞ্জুরুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো: মীর মোশাররফ হোসেন ও সহকারী অধ্যাপক মোছা: শারমিন নাহার।