মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে ভাইভার চূড়ান্ত ফলাফলের দাবিতে রংপুরে মাউশি অফিস ঘেরাও করে অবস্থান ও মানববন্ধন করেছেন ফলাফলপ্রত্যাশীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তিন ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন ভাইভায় অংশ নেয়া ৬১০ পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা।

এ সময় বক্তব্য রাখেন—চূড়ান্ত ফলাফলপ্রত্যাশী আন্দোলনকারীদের সভাপতি জোবায়ের আহমেদ জাকারিয়া, সদস্য সচিব লিটন কুমার বিশ্বাস, সদস্য আকতারা খাতুন, এরশাদ হোসেন, প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

এ সময় ফলাফলপ্রত্যাশীরা বলেন, ‘২০২০ সালে মোট ৪ হাজার ০৩২টি পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নিয়োগপ্রাপ্তরা কর্মরত আছেন। কিন্তু একই বিজ্ঞপ্তির আওতাধীন ১০ম গ্রেডের নিম্নোক্ত ৪টি পদের মোট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি।’

ফলাফলপ্রত্যাশীরা আরো বলেন, ‘মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। ফলে প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা সৃষ্টি হয়েছে। দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী ইতোমধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম করেছেন অথবা অতিক্রমের ঝুঁকিতে রয়েছেন। ফলে তাদের চাকরির সুযোগ ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।’

ফলাফলপ্রত্যাশীরা বলেন, ‘অবিলম্বে বৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ৬১০ জনের চাকরি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

একই দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দেন তারা।

এ বিষয়ে মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, ‘চাকরিপ্রার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি মহাপরিচালকের সাথে সরাসরি সাক্ষাৎ করে দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।’