নীলফামারীর সৈয়দপুরে কাভার্ডভ্যানের চাপায় আমির আলী মন্ডল (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বাঙালীপুর ইউনিয়নের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির আলী মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কুঠিরপাড়া এলাকার মৃত আব্দুস সাহান মন্ডলের ছেলে। গরুর ওষুধ কিনতে সৈয়দপুর বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা জানান, সৈয়দপুর সেনানিবাসের পাশ দিয়ে যাওয়া সড়কটিতে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ আমির আলী সড়কে পড়ে গেলে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে গাড়িটি শনাক্ত করা সম্ভব হতে পারে। পার্বতীপুরের দিক থেকে আসায় বেলাইচন্ডী ইপিজেড এলাকার সিসিটিভি ফুটেজও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে তাঁরা জানান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেন। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।






