ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের আমতল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আব্দুল্লাহ আল নোমান ও ইয়াসিন নামে আরো দুইজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই মোটরসাইকেল দুইটি দুমড়ে-মুচড়ে যায়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন বলেন, ‘পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।’