সিলেটে হামের ভয়াবহতা যেন থামছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫ জনে। আর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৪৩ জনে। পাশাপাশি বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী।

রোববার (২৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২, নর্থ ইস্ট হাসপাতালে এক, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আট, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬ এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩২৫ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে- শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৯, রাজীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, নর্থ ইস্ট হাসপাতালে আট, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৫ জন। এর মধ্যে সিলেটে ৩৪৭, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। আক্রান্তের সংখ্যায় সিলেট জেলায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আট মাস বয়সী শিশু মুনতাহা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩৩ জন।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকেও সুনামগঞ্জে সংখ্যা সবচেয়ে বেশি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, সিলেটে হামের বিস্তার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। একদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে, অন্যদিকে প্রতিদিন শতাধিক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। একই সাথে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। ফলে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগের বিস্তার নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরো জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।