দীর্ঘ ১৯ বছর পরে মা-বাবার ঘর আলো করে আসে ছোট ছেলে মোহাম্মদ রায়হান। মাত্র চার বছর বয়সে মায়ের কোল খালি করে চলে গেল না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

জানা যায়, সোমবার (২১ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খুইল্যার বাড়িতে কুরের পানিতে ডুবে মারা যায় শিশু রায়হান।

নিহত রায়হান স্থানীয় অটোরিকশা চালক আব্দুল খালেকের ছোট ছেলে। দুই ছেলের মধ্যে সে ছিল পরিবারের সবচেয়ে আদরের সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রায়হানের বাবা বাসায় ফিরে আসলে তার মা দুজনকে খেতে দেন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ রায়হান বাইরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের কেউ তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানের চাচা আব্দুল মুবিন বলেন, ‘আমার বড় ভাইয়ের বড় ছেলের জন্ম হয়েছিল বিয়ের দুই বছর পর। এরপর দীর্ঘ ১৯ বছর পর জন্ম নেয় রায়হান। তাই সে ছিল খুবই আদরের। অথচ এই সন্তানকে এভাবে হারাব, ভাবতেই পারছি না।’

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা: এইচএম মুতাছির জাহিন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’