মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের খোঁয়াজপুর-টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী।
এদিকে ঘটনায় সিহাব ও মামুন নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব নিহত আয়শার কলেজ বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সাথে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরনো বাজার যান আয়শা আক্তার। পরে মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে দুইযাত্রী ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়। পরে তার লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মডেল থানা পুলিশ। পরে বিষয়টি অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য সিহাব ও মামুনকে আটক করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালককে শনাক্ত করা গেলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।






