কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

গোসল করতে নামার প্রায় ৪ ঘণ্টা পর স্থানীয় জেলে ও এলাকাবাসীর সহযোগিতায় কোস্ট গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

মৃত দুই কিশোর হলো— শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোহাম্মদ নিশান ও আরজিন শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়ে যায়। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও জেলেরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নাফ নদীর বিভিন্ন অংশে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। স্থানীয় জেলেদের সহায়তায় কোস্ট গার্ড সদস্যরা নদীর বিভিন্ন অংশে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান।

প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর শিশু মোহাম্মদ নিশানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নিশানকেও মৃত ঘোষণা করেন।

দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জানতে পারেন, শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়।