বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, আমরা সবাই কোরআনের আইন চাই, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সৎপথে আন্দোলনের ফলে আজকে এই মুক্ত পরিবেশ। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি, কোন ধর্মের সেটা দেখিনি। আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে।’
সোমবার (১৭ মার্চ) সকালে বরগুনা টাউনহল মাঠে পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামী বরগুনা জেলার আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জাম হোসেন হেলাল, ঢাকা মহানগরীর দক্ষিণের আমির ড. শফিকুল ইসলাম মাসউদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরের আমির অধক্ষ জহিরউদ্দিন মো: বাবর ও কেন্দ্রীয় শূরা সদস্য ফখরুদ্দিন খান রাজী। পথসভা সঞ্চালনা করেন বরগুনা জেলা জামায়াতর সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন।
এর আগে একই দিন সকালে জামায়াত আমির ড. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করে বরগুনা শহরের নিহত মন্টু চন্দ্র দাসের বাড়িতে যান। এ সময় নিহতের পরিবারকে নগদ অর্থ, কাপড় ও খাদ্য সহায়তা করেন। ধর্ষিতা মেয়েটির ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব নেন জামায়াত আমির।








