চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফটিকছড়ির খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন এবং প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। অভিযানে নদীর পাড়ে স্তূপ করে রাখা অবৈধভাবে উত্তোলিত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ জানান, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রির জন্য স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।
তিনি জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








