সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টার অভিযানে হাতেনাতে ২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১০ জনকে মোট ৫ লাখ টাকা জরিমানা এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদেরও ক্ষতি হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের সময় ২৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আটক অপর ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

অভিযানে জব্দ করা ২৭টি ড্রেজারের মধ্যে বোমা মেশিন ও লোকাল ড্রেজারও ছিল। এসব যন্ত্র ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানার পুলিশের বিপুলসংখ্যক সদস্য ও বিজিবি সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।