গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো: আশিকুল ইসলাম অনিককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রোববার (২১ জুন) দিবাগত মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া মো: আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় আদালতে মামলা করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিয়মিত মামলা রুজু করে। মামলার পর তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি অনিককে গ্রেফতার করে।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘বর্তমানে মহানগরীতে থানা ও ওয়ার্ড পর্যায়ে আমাদের কোনো কমিটি নেই। অনিক যে কমিটির সাংগঠনিক সম্পাদক, সেটি আমার কমিটির আগের কমিটি অনুমোদন দিয়েছিল। তবে অনিক পদ পাওয়ার পর বিয়ে করেছে এবং পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলায় সে গ্রেফতার হয়েছে বলে জানতে পেরেছি।’

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা এবং গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি মো: আশিকুল ইসলাম অনিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।’