কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে চুরি হওয়া ৪১ দিনের এক শিশুকে ২২ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। এর আগে বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর একটি বাসা থেকে ৪১ দিনের শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। তিনি শিশুটির পরিবারের পূর্বপরিচিত ছিলেন এবং নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা অভিযুক্ত ভাড়াটিয়ার কাছে শিশুটিকে রেখে বড় দুই সন্তানকে বাসায় রেখে বাজারে যান। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন।
পরিবারের অভিযোগ, শিশুটিকে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি তার ভাড়া বাসা থেকেও ব্যাংকের টাকা-পয়সা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানিয়ে দ্রুত কর্ণফুলী থানায় অভিযোগ করেন শিশুটির পরিবার।
অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে কর্ণফুলী থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ওই নারী পালিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘পরিবার অভিযোগ দেয়ার সাথে সাথেই আমরা তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করি। পরে প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সুবর্ণচর থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই।’















